নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন কাল রোববার
শতবর্ষের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন কাল রোববার। দুই বছর পর এবারই কার্যকরী কমিটির সব কটি পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন ক্লাবের সদস্যরা। তবে এ উপলক্ষে ক্লাবের এক হাজার ২৮০ জন ভোটারের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁদের অনেকেই সংশয় প্রকাশ করেছেন। জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই বছর ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ছিলেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক পরপর দুই বছরের বেশি কার্যকরী কমিটিতে কেউ থাকতে পারে না। গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে সেলিম ওসমান এবার কমিটিতে থাকতে পারছেন না। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহম্মেদ চুন্নু ও মাহমুদ হোসেন। দুজনই ইতিপূর্বে ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। মাহমুদ হোসেনকে সমর্থন দিয়েছেন ক্লাবের বর্তমান সভাপতি সেলিম ওসমান, তাঁর বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপাদলীয় (এ) সাংসদ নাসিম ওসমান ও ছোট ভাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। নাসিম ওসমান গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে সভাপতি পদপ্রার্থী আশরাফউদ্দিন আহম্মেদ চুন্নুকে নির্বাচন করতে নিষেধ করেছিলেন। নাসিম ওসমান চুন্নুকে বলেছিলেন, ‘আপনি এবার নির্বাচন কইরেন না। আমি তিন মাস আগে মাহমুদকে কথা দিয়েছি। সেলিমের পর এবার তাঁকে সভাপতি বানাব। আমার কথার বাইরে গিয়ে নির্বাচন করলে আপনি জিততে পারবেন না। আপনার নির্বাচন না করাটাই ভালো।’ এ-সংক্রান্ত সংবাদ ২৮ নভেম্বর প্রথম আলোয় ছাপা হয়েছিল। কার্যকরী কমিটির সভাপতি পদে একজন, সহসভাপতি পদে দুজন ও সদস্যপদে আটজনকে নির্বাচিত করবেন ভোটাররা। এদিকে নির্বাচন পরিচালনা কমিটি যাঁদের নিয়ে গঠন করা হয়েছে, তাঁদের সবাই বর্তমান সভাপতি সেলিম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। নির্বাচন পরিচালনা কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কেউ কেউ সেলিম ওসমানের আনুকূল্যে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আসীন হয়েছেন। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের অনেকেই সংশয় প্রকাশ করেছেন। তবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, বিকেএমইএর পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক বলেছেন, তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সচেষ্ট রয়েছেন। সভাপতি পদপ্রার্থী আশরাফউদ্দিন চুন্নু বলেছেন, ‘নারায়ণগঞ্জ ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমি সভাপতি হতে পারলে ক্লাবকে একটি গৌরবোজ্জ্বল জায়গায় নিতে যেতে চাই। আমি বিশ্বাস করি, ভোটাররা আমাকে সেই সুযোগ দেবেন।’