নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর চান মিয়া নামের এক ব্যবসায়ীকে এক সন্ত্রাসী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে৷ এ ব্যাপারে বুধবার চান মিয়া সদর মডেল থানায় জিডি করেন৷
জিডিতে চান মিয়া উল্লেখ করেন, মঙ্গলবার রাতে ক্লাব থেকে বাড়ি ফেরার জন্য বের হওয়ার সময় রিসেপশনে চাষাঢ়ার বাসিন্দা নিয়াজুল ইসলাম তাঁর পথ রোধ করে পাঁচ লাখ টাকা চঁাদা দাবি করেন৷ কিসের টাকা জানতে চাইলে নিয়াজুল তাঁকে চড়-থাপড় মারেন৷ তিনি প্রতিরোধের চেষ্টা করলে নিয়াজুল রিভলবার বের করে তাঁকে মেরে ফেলার হুমকি দেন৷ একপর্যায়ে ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মচারীরা এগিয়ে এলে নিয়াজুল ক্লাব থেকে বের হয়ে যান৷
নিয়াজুল নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের অনুগত ক্যাডার৷ বিএনপি-জামায়াত সরকারের সময় র্যাব-পুলিশের তালিকাভুক্ত নিয়াজুলের বড় ভাই সন্ত্রাসী নজরুল ইসলাম পুলিশের ক্রসফায়ারে নিহত হন৷
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় জিডি হয়েছে৷ পুলিশ খোঁজখবর নিচ্ছে৷
২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠনের পর নিয়াজুল জমি জবরদখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন৷ এর আগে জমি দখলকে কেন্দ্র করে চাষাঢ়ার অপর সন্ত্রাসী বয়াতি মনিরের সঙ্গে তাঁর গুলিবিনিময় হয়৷