নারায়ণগঞ্জে গেল তদন্ত কমিটি

সাত অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটি আজ নারায়ণগঞ্জে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখান থেকে তাঁরা শীতলক্ষ্যা নদীর তীরে যেখানে লাশগুলো ভেসে ওঠে সেখানে যাবেন।
সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন।
এ কমিটি অপহরণের সঙ্গে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহূত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখবে।
এরপর সাত কর্মদিবসের মধ্যে তদন্তকাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করবে কমিটি।
আইনজীবী চন্দন সরকারের ঘটনায় মামলা
গত ২৭ এপ্রিল আইনজীবী চন্দন সরকার ও গাড়ি চালকের অপহরণের পর তাঁর ভাগনে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু পরে তাঁর জামাতা চিকিত্সক অরুণাভ সরকার বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা করেন। মামলার তারিখ দেখানো হয়েছে ৭ মে। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত অপহরণকারী ও খুনিরা যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়।