দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার
নারায়ণগঞ্জ জামায়াতের আমিরসহ ৫২ জন গ্রেপ্তার, দুটি মামলা
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৮৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলার আসামি হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা মাঈন উদ্দিন আহমদ, অর্থবিষয়ক সম্পাদক জুবায়েদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী খানসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে গত সোমবার নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের ওপর শিবিরের হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।সোমবার রাতে সদর মডেল থানার এসআই আতিয়ার রহমান বাদী হয়ে দুটি মামলা করেন। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিবিরের ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুরের ঘটনায় জেলা জামায়াতের আমির মাঈন উদ্দিনসহ জামায়াত-শিবিরের ৫৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে আরেকটি মামলা হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গ্রেপ্তার হওয়া ৫২ জনের মধ্যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত আজ বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আদালত গ্রেপ্তার হওয়া সব আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।