নারায়ণগঞ্জে গতকাল বুধবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সভায় জেলার পাঁচ সাংসদের কেউই উপস্থিত ছিলেন না। সভায় শীতলক্ষ্যা নদী দখল, বাসভাড়া অস্বাভাবিক হারে বাড়ানো, যানজট, রাস্তাঘাটের বেহাল দশা, শব্দদূষণ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। গতকালও সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। শুধু আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তুষারচন্দ্র সাহা, আওয়ামী লীগের নেতা আবদুল হাই, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল হাই বলেন, কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদী আবারও দখল হয়ে যাচ্ছে। শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলদারেরা খালে পরিণত করেছে। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আগে বাসভাড়া ছিল ১০ টাকা। গত জুন মাসে এক লাফে তা ৫০ শতাংশ বাড়িয়ে ১৫ টাকা করা হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাইড্রোলিক হর্নের ব্যবহারের কারণে শব্দদূষণ হচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কে তীব্র যানজট হয়। এতে জনজীবন ব্যাহত হচ্ছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, ‘রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের (সংযোগ সড়ক) বেহাল অবস্থা। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে যানজট দেখা দিচ্ছে।’ নির্বাহী প্রকৌশলী তুষারচন্দ্র সাহা বলেন, ‘আমি কয়েক দিন আগে দায়িত্ব নিয়েছি। খোঁজখবর নিয়ে ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে।’ জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, শহরে যানজট নিরসনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।