নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতির আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা কারাগারে গতকাল শনিবার ইমরান (২৬) নামের এক হাজতি আত্মহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
ইমরান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আদমজীনগরের বিহারি কলোনির আবদুর রহিমের ছেলে। কারাগারের তত্ত্বাবধায়ক হালিমা খাতুন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আসামি ইমরান ২৩ জুলাই অসুস্থ হয়ে পড়লে জেলহাজতের হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ জুলাই তাঁকে হাসপাতাল থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলহাজতে চিকিৎসক দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ইমরান। একপর্যায়ে কারারক্ষীকে বলে তিনি শৌচাগারে যান। দীর্ঘক্ষণ পরও শৌচাগার থেকে বের না হওয়ায় কারারক্ষী তাঁকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজার ছিটকিনি ভেঙে ফেলা হয়। এ সময় শৌচাগারের জানালার রডের সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় ইমরানকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হালিমা খাতুন আরও বলেন, কয়েক দিন আগে স্ত্রীকে পেটানোর ঘটনায় এলাকার লোকজন পিটুনি দিয়ে ইমরানকে পুলিশে সোপর্দ করেন। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শারীরিক অসুস্থতা ও স্ত্রীর মৃত্যুর ঘটনায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।