নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা স্থগিত চেয়ে এক রিট আবেদন করা হয়েছে। শাহজালাল নামের নারায়ণগঞ্জের এক বাসিন্দার পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ সোমবার রিটটি করেন।

আগামীকাল মঙ্গলবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।

শাহজালালের করা রিটে স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী হিসেবে রাখা হয়েছে। তফসিল হিসাবে ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিটি নির্বাচন হয়ে যাচ্ছে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের ওই নির্বাচনে (জেলা পরিষদ) ভোটাধিকার থাকছে না। বর্তমানে ২০১১ সালের সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাই ভোটার তালিকায় ভোটার হিসেবে আছেন। ২০১১ সালে ২৭ নভেম্বর তাঁরা দায়িত্ব নিয়েছিলেন। সেই হিসেবে চলতি বছরের ২৭ নভেম্বর তাঁদের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হলেও তাঁদের ভোটার তালিকায় রাখা হয়েছে। এ তালিকা ত্রুটিপূর্ণ।

ঘোষিত তফসিল কেন অবৈধ হবে না এবং ১৮ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকা কেন বেআইনি হবে না—এ মর্মে রিটে রুল চাওয়া হয়েছে বলে জানান ইউনুস আলী আকন্দ। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে তফসিল ও ভোটার তালিকার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।