নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত!
গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিভিন্ন উপজেলা কমিটিতে পদ দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, ২০০৭ সালে মামুন মাহমুদকে সভাপতি ও আশরাফুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কামরুজ্জামান দুলাল প্রথম আলোকে বলেন, এর আগে বিভিন্ন উপজেলা যুবদলের কমিটিতে পদ দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে। জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদ জানান, ‘এ রকম একটি খবর আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। কেন্দ্র থেকে এমন কোনো সিদ্ধান্তের কথা আমাকে জানানো হয়নি। কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও দপ্তর সম্পাদক ঈদ করতে বর্তমানে গ্রামের বাড়িতে আছেন। আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোনো সভা হয়নি। সহদপ্তর সম্পাদক জেলা কমিটি বিলুপ্ত করতে পারেন না।’