নারায়ণগঞ্জ থেকে অপহূত ছাত্রী ঢাকায় উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকা থেকে অপহূত স্কুলছাত্রীকে গতকাল রোববার রাজধানীর মগবাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে সোহেল খন্দকার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, গত শনিবার স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়েকে অপহরণ করেন সোহেল।এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। গতকাল ভোরে রাজধানীর মগবাজারে সোহেলের বাসা থেকে তাঁর মেয়েকে উদ্ধার করে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ।গতকাল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বজলুর রহমানের আদালতে ওই ছাত্রী ও সোহেল জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা পরস্পরবিরোধী বক্তব্য দেন। ওই ছাত্রী বলেছে, সোহেল তাঁর মামার গাড়িচালক। শনিবার স্কুলে যাওয়ার পথে মামার কথা বলে তাকে মগবাজারে নিয়ে যান সোহেল।কিন্তু সোহেলের দাবি, ছয় মাস ধরে ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেম চলছিল। সে শনিবার তাঁকে ফোন করে স্কুলের সামনে আসতে বলে। এরপর তাঁরা ঢাকায় চলে যান। সোহেলের দাবি, তিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।