নারায়ণগঞ্জ থেকে অপহূত শিশু শরীয়তপুরে উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে অপহূত হওয়া শিশু আঁখি আক্তারকে (৬) গত সোমবার শরীয়তপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও শিশুটির পরিবার জানিয়েছে, গত ২৩ মার্চ ফতুল্লার মাসদাইর এলাকার রিকশাচালক ডাবলু মিয়ার শিশুকন্যা আঁখি নিখোঁজ হয়। এ ঘটনায় ডাবলুর স্ত্রী পলি বেগম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর কয়েক দিন পর কয়েক ব্যক্তি ডাবলুকে ফোন করে জানান, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। তাঁরা আঁখির মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি পুলিশকে জানানোর পর গত রোববার দিবাগত রাতে মুঠোফোনের সূত্র ধরে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম মিয়া (২৮), মোশারফ হোসেন (৩২) ও হীরা মিয়া (২৯) নামের তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোরে শরীয়তপুর জেলার গোঁসাইরহাট এলাকায় লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আঁখিকে উদ্ধার করা হয়।