নারায়ণগঞ্জ থেকে র্যাবের সব সদস্যকে প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনার বিষয়ে জানতে ঢাকা থেকে মানবাধিকারকর্মী ও আইনজীবীদের একটি দল গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জে যায়। ওই দলের সদস্যরা শহরের বৃষ্টি আবাসিক এলাকায় আইনজীবী চন্দন সরকারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, যেভাবে গাড়ি থামিয়ে এতগুলো মানুষকে অপহরণ করে এত দ্রুত অন্য গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবং পরে হত্যা করে নদীতে লাশ ফেলা হয়েছে, উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কারও পক্ষে এটা ঘটানো সম্ভব না।
আইনজীবী শাহদীন মালিক বলেন, নারায়ণগঞ্জ থেকে র‌্যাবের সব সদস্যকে প্রত্যাহার করতে হবে। র‌্যাবের নতুন অফিস স্থাপন করতে হবে। নয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নারায়ণগঞ্জবাসীর আস্থা ফিরে আসবে না। আর এটা না করতে পারলে সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা আরও বাড়বে।
মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, বিচারহীনতার কারণে দেশে এ ধরনের অপহরণ, গুম ও খুনের ঘটনা বেড়ে চলছে।
সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, র‌্যাবসহ কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়। প্রয়োজনে র‌্যাবকেও আইনের আওতায় আনতে হবে।
চন্দন সরকারের বাড়ি থেকে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের বাড়ির উদ্দেশে রওনা হয় মানবাধিকারকর্মী ও আইনজীবীদের এই দলটি। কিন্তু সড়ক অবরোধের কারণে ওই দলের সদস্যরা পথিমধ্য থেকে ফিরে আসতে বাধ্য হন। এ ছাড়া তাঁরা নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলামের অপহূত হওয়ার ঘটনায় সড়ক অবরোধে নামা জনতার সঙ্গেও কথা বলেন।
শাহদীন মালিক পরে প্রথম আলোকে বলেন, এটা সহজেই বোঝা যায়, দেশের কোনো অপরাধী চক্রের পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কর্মকর্তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার না করলে নারায়ণগঞ্জবাসী সরকারের প্রতি আস্থা ফিরে পাবে না।