সদরঘাট থেকে আংশিক লঞ্চ চলাচল শুরু, নারায়ণগঞ্জে বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার সদরঘাট থেকে বেশ কয়েকটি রুটে আংশিক লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে সদরঘাট থেকে ৩৭টি রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলতে পারবে না। নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ সকালে প্রথম আলোকে বলেন, আজ সকালে ঢাকা নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সদরঘাট টারমিনাল থেকে ৩৭টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর দুইটার দিকে তিনি বলেন, আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় লঞ্চ চলাচল আংশিক শুরু হয়েছে। তবে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চগুলো চলতে পারবে না।
নারায়ণগঞ্জ নৌবন্দর থেকেও সাতটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল সাতটার দিকে এই পদক্ষেপ নেওয়া হয়। লঞ্চ মালিকদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল এ তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে মোট ৭০টি লঞ্চ নিয়মিত চলাচল করে। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেওয়ায় এসব রুটে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে।
আবহাওয়া অনুকূলে এলে সংশ্লিষ্ট রুটে লঞ্চ চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকদের সংগঠনের এই নেতা।