নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনকে রাজনীতিকদের জন্য জনগণের পক্ষ থেকে একটি বার্তা বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। গতকাল সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচন রাজনীতিকদের কাছে জনগণের চোখের ইশারা ও মুখের ভাষা বোঝার একটি পরিষ্কার বার্তা। জনগণ কী চায়, তা এ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে বার্তা পৌঁছিয়েছে।’ তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের সফলতাও শতভাগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিজয় হয়েছে গণতন্ত্র ও জনগণের।ওবায়দুল কাদের মনে করেন, নারায়ণগঞ্জ নির্বাচনের কয়েকটি অর্জন আছে। তিনি বলেন, ‘সরকারের অধীনে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারে, তা এবার প্রমাণিত হলো। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে যেসব প্রশ্ন উঠেছিল, তাও দূর হয়েছে।’