নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের অপারেটরের ১৫ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের সঞ্চয়ের টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর জুলহাস মিঞাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে খালাস দেওয়া হয় সহকারী পোস্টাল মাস্টার ইউনুছ আলীকে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ৬ নং বিশেষ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. বদিউজ্জামান জানান, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর থাকাকালীন জুলহাস মিঞা ২০০৩ সালে পৃথক তিনটি সময় গ্রাহক রাধে শ্যাম বণিকের এক লাখ ৬০ হাজার, শুনীল রায়ের এক লাখ টাকা, অনিন্দ্য রায়ের এক লাখ ৫০ হাজার টাকা সঞ্চয়পত্র জমা না করে আত্মসাৎ করেন। ওই সময় সহকারী পোস্টাল মাস্টার ছিলেন ইউনুস আলী।
এ ঘটনায় ২০০৬ সালের ১৭ এপ্রিল দুদক মুন্সীগঞ্জ জেলা সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুজনের নামে দুর্নীতি প্রতিরোধ ৪০৯ ধারা ও ৫ (২) ধারায় একটি মামলা করেন।
আদালত এ মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারায় পোস্টাল অপারেটর জুলহাস মিয়াকে ১০ বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহকারী পোস্টাল অফিসার ইউনুসকে খালাস দেন আদালত।