নারায়ণগঞ্জ বিআইএমটিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (বিআইএমটি) গতকাল বুধবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পাল্টাপাল্টি মহড়ার ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ সকালে তাঁর গ্রুপ নিয়ে বিআইএমটিতে মহড়া দেওয়ার সময় এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিপ বিল্ডিং দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আল মাহদি জসিম তাঁর লোকজন নিয়ে এসে আরিফকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উভয় গ্রুপ পরস্পরকে গালাগাল করে। তবে শেষ পর্যন্ত ঘটনা সংঘাত পর্যন্ত গড়ায়নি।এ ব্যাপারে নাজমুল হাসান আরিফ ও আল মাহদি জসিম ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি।