নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন, পুড়ে গেছে ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্ট’-এর বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে ও অপর দুটি ট্রান্সফরমারের আংশিক ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ডেমরা জোনের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান বলেন, সকাল পৌনে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত ডিজেলচালিত ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি পাঁচটি ট্রান্সফরমারের মধ্যে
৩ নম্বর ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জের দুটি, ডেমরার দুটি ও মণ্ডলপাড়ার একটি ও ঢাকা সদর দপ্তর থেকে দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ নম্বর ট্রান্সফরমারটি পুরো পুড়ে গেছে।
মাসুদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম হয়ে ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়। আমরা আগে পাশের ট্রান্সফরমারগুলোতে প্রোটেকশন দিয়ে আগুন নেভাতে শুরু করি।’
দেশ এনার্জি লিমিটেডের অপারেশন ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের মধ্যে ৩ নম্বর ট্রান্সফরমারটি পুরোপুরি পুড়ে গেছে। এ ছাড়া ট্রান্সফরমারে কেব্ল, পিসি, সিডিসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। ২ নম্বর ও ৪ নম্বর ট্রান্সফরমারটি আংশিক পুড়ে গেছে। আমাদের ট্রান্সফরমারটি বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্রিডে ভোল্টেজ বেশি হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে।’
আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ছয় কোটি টাকা।