নারায়ণগঞ্জ রণক্ষেত্র, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনিতে স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ কয়েক দফায় সংঘর্ষে শহরের সিরাজউদ্দৌলা সড়ক এলাকা গতকাল শনিবার রণক্ষেত্রে পরিণত হয়। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বিকেলে সংবাদ সম্মেলনে দাবি করেন, ৪২টি দোকান, ১১০টি বসতঘর উচ্ছেদ ও লুটপাট করা হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উচ্ছেদ অভিযানের খবরে সকাল থেকে কলোনির বাসিন্দা ও স্থানীয় লোকজন রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকায় জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বাধা দেয়। রেলওয়ের উচ্ছেদকারী দলের ওপর একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। পুলিশ ধাওয়া করলে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ও কাচের বোতল ছোড়ে। হামলাকারীরা উচ্ছেদকাজে ব্যবহূত একটি বুলডোজার ভাঙচুরের চেষ্টা চালায় এবং এর চালক ও সহযোগীকে মারধর করে। পুলিশ এ সময় হামলাকারীদের লাঠিপেটা করে। কিন্তু এলাকাবাসী ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় হামলাকারীরা পিছু হটলে উচ্ছেদকারী দল বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়। এরপর এলাকাবাসী আবার এক হয়ে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ ও উচ্ছেদকারী দল পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব) ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।নির্বাহী হাকিম আবদুর রউফ তালুকদার বলেন, উচ্ছেদ অভিযানের আগে কলোনির অবৈধ বাসিন্দাদের সরে যাওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু এই নোটিশ আমলে নেননি তাঁরা। বসতি স্থাপনকারীরা উচ্ছেদকারী দলের ওপর হামলা চালান।রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা আহমেদুল কবির বলেন, নারায়ণগঞ্জ স্টেশন এলাকা ও শহরজুড়ে রেলওয়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রেলওয়ের স্টেশনসংলগ্ন এই কলোনি শত বছর আগে তৈরি হয়েছিল কর্মচারীদের জন্য। কিন্তু পরবর্তী সময়ে বাইরের লোকজন এসে বসবাস শুরু করে। অনেকে বসতঘর ভেঙে দোকান তৈরি করেন। এ পরিপ্রেক্ষিতে তাঁদের কলোনি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। গত ৯ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে সে সময় বন্ধ রাখা হয়।জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বলেন, সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের, দুই এসআইসহ নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিক্রিয়ায় অভিযোগ করেছেন, যে প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান হয়েছে, তা অমানবিক। পরিত্যক্ত কলোনির এই জায়গা একসময় তৎকালীন পৌরসভার সম্পত্তি ছিল। রেলের উন্নয়নের জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল। অথচ এখন তথাকথিত রেলের কর্মচারী সমিতির নামে মার্কেট তৈরির জন্য এই জমি লিজ দেওয়া হচ্ছে।