নারায়ণগঞ্জ রেলস্টেশন উচ্ছেদে জেলা প্রশাসনের দেওয়া প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে কমিটির আহ্বায়ক এ বি সিদ্দিকের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপিটি দেয়।
এতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ রেলস্টেশন একসময় এ শহরকে প্রাচ্যের ডান্ডি খ্যাতি প্রাপ্তিতে বিশেষ অবদান রেখেছিল। একে কেন্দ্র করে নদীবন্দর গড়ে উঠেছিল, যার অর্থনৈতিক প্রভাব নারায়ণগঞ্জকে উচ্চ আসনে বসিয়েছিল। কালের পরিক্রমায় রাজনৈতিক কারণে এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রের প্রভাব কমলেও এখনো শেষ হয়ে যায়নি। এই সম্ভাবনার বিপরীতে রেললাইন নারায়ণগঞ্জকে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ ‘অজুহাত’ দিয়ে এটি উচ্ছেদ করার প্রস্তাব বাস্তবে ‘অসত্য ও জনবিচ্ছিন্ন’। প্রকৃত কারণ প্রশাসনিক অব্যবস্থাপনা।
নগরে যানজটের কারণ হিসেবে স্মারকলিপিতে বলা হয়, চাষাঢ়া গোলচত্বরের চারদিকে বৈধ-অবৈধ পরিবহন, ফুটপাত দখল, প্রায় রাস্তার ওপর জেলা পরিষদের ডাকবাংলো এবং পুলিশ ফাঁড়ির অবস্থানের কারণে নগরীতে যানজট হচ্ছে। এ সমস্যার সমাধান হিসেবে বলা হয়, নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে চাষাঢ়ার অদূরে স্থানান্তর, শহরে আন্তজেলা বাস প্রবেশ নিষিদ্ধ করা এবং ট্রাফিক পুলিশ আন্তরিক হলে যানজট থাকবে না। এর পাশাপাশি নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের সমাধি, সোনাকান্দা দুর্গ, পানাম নগরীসহ সব প্রাচীন ঐতিহ্য রক্ষার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
প্রস্তাবমতো রেলস্টেশন চাষাঢ়ায় স্থানান্তরের প্রভাব সম্পর্কে স্মারকলিপিতে বলা হয়েছে, এর ফলে কয়েক লাখ দরিদ্র মানুষকে চাষাঢ়ায় অন্য যানবাহনে আসতে হলে কমপক্ষে অতিরিক্ত ৫০-৬০ টাকা ব্যয় করতে হবে।