নারায়ণগঞ্জ রেলস্টেশনে কর্মচারীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষণা ছাড়াই কমলাপুর-নারায়ণগঞ্জ পথে ট্রেনের সময়সূচি পরিবর্তন করায় বিক্ষুব্ধ যাত্রীরা নারায়ণগঞ্জ রেলস্টেশনে হামলা চালিয়ে রেলওয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ যাত্রীরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই গতকাল থেকে কমলাপুর-নারায়ণগঞ্জ পথে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। আগে এই পথে ১৩ জোড়া ট্রেন (১৩ বার আসা-যাওয়া) চলাচল করলেও বর্তমানে তা ১৬ জোড়া করা হয়েছে। এ কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তেমন কোনো প্রচারণা চালায়নি রেল কর্তৃপক্ষ। স্টেশনে এসে গতকাল সকালে সময়সূচি পরিবর্তনের বিষয়টি জানতে পেরে যাত্রীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা রেলস্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে এলে তাঁদের কয়েকজনকে মারধর করা হয়। এ অবস্থায় নারায়ণগঞ্জ স্টেশনমুখী একটি ট্রেন দীর্ঘক্ষণ চাষাঢ়া স্টেশনে অপেক্ষা করে। পরে পরিস্থিতি শান্ত হলে সেটি স্টেশনে পৌঁছায়।পরিবর্তিত সময়সূচির বিষয়ে প্রচারণা চালানোর ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ স্টেশনের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘এগুলো কমলাপুর দপ্তর থেকে করা হয়।’