নারায়ণগঞ্জ শহর বর্তমানে শামীম ওসমান ও তাঁর পরিবারের হাতে জিম্মি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে তাঁর মতো সুবিধাভোগী নেতার অপকর্মের কারণে পুরো দলেরই বদনাম হয়।আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটের দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য দেন সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, জেলা ন্যাপের সভাপতি এ বি সিদ্দিক, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম আরাফাত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন, নারায়ণগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।পৌর মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, ‘দল ক্ষমতায় থাকাকালে নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, খুন রাহাজানি করে বেড়ায়, তাদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব।’ তিনি শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, ‘ক্ষমতা না থাকলে যে ব্যক্তি রাতের আঁধারে নেতা-কর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান, তাঁকে সিংহপুরুষ বলে না। আমরা মানুষ, পশু বা জানোয়ার হতে চাই না।’ সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর বর্তমানে শামীম ওসমানের পরিবারের হাতে জিম্মি। তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে রাজনীতি করলেও নিজের স্বার্থ ছাড়া তাঁরা কিছুই বোঝেন না।আনোয়ার হোসেন বলেন, ২০০১-এর সংসদ নির্বাচনের সময় শামীম ওসমান চাষাঢ়া মোড় থেকে নৌকা সরিয়ে সেখানে লাঙল বসান। ২০০১ সালের আগে তিনি জেলায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। যে কারণে নির্বাচনের পর জনরোষের ভয়ে তিনি সদলবলে পালিয়ে যান। তিনি আরও বলেন, ‘শামীম ওসমান আমার রাজনৈতিক শিষ্য। তাঁকে হাত ধরে আমি রাজনীতি শিখিয়েছি। এখন তিনিই আমার গায়ে হাত তুলছেন।’