নারায়ণগঞ্জ শহরে ক্যাঙ্গারু পারভেজের নেতৃত্বে মিছিল
নারায়ণগঞ্জে ১০টি মামলার আসামি ও যুবলীগের নেতা নামধারী জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজের নেতৃত্বে গতকাল রোববার শহরে মিছিল করেছে তাঁর অনুসারীরা। মিছিলের পর শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে চাষাঢ়ার জিয়া হলের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলী আহম্মদ চুনকা পাঠাগারের সামনে গিয়ে শেষ হয়। এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে ‘পারভেজ ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ বলে স্লোগান দেওয়া হয়।এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আতিউর রহমান বলেন, ‘মিছিলের খবর পেয়েছি। কারা মিছিল করেছে, সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এর আগে গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পারভেজের সন্ত্রাসের বিষয়টি তুলে ধরেন স্থানীয় আওয়ামী লীগের সাংসদেরা। তাঁরা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, আওয়ামী লীগের (১৯৯৬-২০০১) আমলে সন্ত্রাসী হিসেবে পারভেজের উত্থান ঘটে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে শামীম ওসমানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে থাকা একটি গাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, মুখোশ ও বুলেটপ্রুফ জ্যাকেটসহ পারভেজকে আটক করেন সেনাসদস্যরা। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি ভারতে চলে যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। স্থানীয় একজন সাবেক সাংসদের প্রশ্রয়ে পারভেজ আবারও সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারভেজের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।