নারায়ণগঞ্জ শহরে গ্যাসের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক বাড়িগুলোতে রান্নার কাজ ব্যাহত হচ্ছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কমে গেছে পাঁচ শতাধিক শিল্পকারখানার উৎপাদন। গ্যাস-সংকট নিরসনের দাবিতে গতকাল বুধবার শহরের দেড় শতাধিক বাসিন্দা চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ ফতুল্লা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু রায়হানের কাছে স্মারকলিপি দিয়েছে। সমস্যা সমাধানে এলাকাবাসী সাত দিনের সময় বেঁধে দিয়েছে। নয়তো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয় এলাকাবাসী। স্মারকলিপিতে এলাকাবাসী জানায়, ফতুল্লার ইসদাইর, উত্তর ইসদাইর ও উত্তর মাসদাইর, গাবতলী, সস্তাপুর, কোতালের বাগ, কাঠেরপুল, রামারবাগ, লামাপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় গত এক বছর ধরে গ্যাসের সংকট চলছে। এসব এলাকায় ৫০ হাজারের বেশি লোক বাস করে। গাবতলী এলাকার গৃহবধূ সুরাইয়া নাসরিন জানান, ভোর ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত রান্নাঘরের চুলায় গ্যাস পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিন, মাটির চুলা, গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। উত্তর মাসদাইরের রফিকুল ইসলাম জানান, ‘এক বছর ধরে আমরা গ্যাস-সংকটে ভুগছি। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। নয়তো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ ইসদাইর নিবাসী ও ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী জানান, তীব্র গ্যাস-সংকটের কারণে বেশ কিছু শিল্পকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অন্যগুলোও বন্ধ হওয়ার পথে। এ জন্য ক্ষমতাসীন দলের লোক হিসেবে এলাকাবাসীর কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে তিতাস গ্যাসের কর্মকর্তা আবু রায়হান জানান, গ্যাস-সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার একটি দল গ্যাস-সংকটকবলিত এলাকা পরিদর্শনে যাবে।