নারায়ণগঞ্জ শহরে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বরে যানজট। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বরে যানজট। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া পর্যন্ত দুই কিলোমিটার অংশে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন নগরীর বাসিন্দারা।
যানজট নিরসনে নিয়োজিত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, লিংক রোডের রাইফেল ক্লাব প্রান্তে সড়ক ও জনপথের (সওজ) ভাঙা রাস্তা, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের সরকারি মহিলা কলেজের সামনে আনন্দ পরিবহনের অবৈধ বাস কাউন্টার, একই সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতের কেব্ল বসানোর জন্য ডিপিডিসির রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া চাষাঢ়া গোলচত্বরের চারপাশে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ও নিষিদ্ধঘোষিত টু স্ট্রোক ইঞ্জিনের বেবিট্যাক্সি স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট ভয়াবহ রূপ নিচ্ছে।
নিতাইগঞ্জ থেকে চাষাঢ়ায় আসা মালবাহী ট্রাকের চালক আবদুল করিম গত সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘নিতাইগঞ্জ থেকে চাষাঢ়ায় আসতে প্রায় দুই ঘণ্টা যানজটে আটকা পড়ে আছি। রাস্তায় থেমে থেমে গাড়ি চলছে। যানজটে আটকা পড়ে আমাদের লোকসান হচ্ছে।’
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের হিসাব অনুযায়ী, চাষাঢ়া গোলচত্বর দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে মিনিটে ১৫-২০টি গাড়ি পাস হয়। কিন্তু রাস্তা ভাঙাচোরা ও গর্তে পানি জমে থাকায় ভারী যানবাহন গর্ত এড়িয়ে চলতে গিয়ে ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এ কারণে চার রাস্তার মোড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এটা বিস্তৃত হচ্ছে শহরের অন্যান্য সড়কে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শরফুদ্দীন বলেন, বর্ষার কারণে রাস্তার অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে আটকে যাচ্ছে ভারী যানবাহন। এ ছাড়া ডিপিডিসির অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সওজের উদাসীনতার কারণে রাস্তায় যানজট বিস্তৃত হচ্ছে।