নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার বসানোর পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার সম্মিলিত উদ্যোগে শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার এক মাস না পেরুতেই সংঘবদ্ধ চক্র আবারও ফুটপাত দখলের তৎপরতা শুরু করেছে। ঈদ সামনে রেখে মানবিক কারণ দেখিয়ে আবারও হকারদের বসানোর পাঁয়তারা করছে তারা। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অপতৎপরতার নেপথ্যে রয়েছে বছরে প্রায় পৌনে এক কোটি টাকার চাঁদাবাজি।গত মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাতগুলো থেকে হকারদের উচ্ছেদ করা হয়। সম্প্রতি হকাররা আবার ফুটপাতে ফিরে আসতে মিছিল-সভাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন।জানা গেছে, শহরের চাষাঢ়া থেকে মণ্ডলপাড়া পর্যন্ত দীর্ঘ ফুটপাতে পাঁচ শতাধিক দোকান বসত। প্রতিদিন ফুটপাতের ছোট দোকান থেকে ৩০ এবং বড় দোকান থেকে ৫০ টাকা চাঁদা তোলা হতো। একটি সংঘবদ্ধ চক্র এই চাঁদা তুলত। মাসে প্রায় সাড়ে ছয় লাখ টাকা চাঁদা তোলা হতো। এভাবে বছরে আদায় হতো প্রায় পৌনে এক কোটি টাকা। ফুটপাত থেকে হকারদের তুলে দেওয়ায় এই চাঁদা আদায় বন্ধ রয়েছে। তাই আবার হকারদের বসানোর পাঁয়তারা চলছে। নারায়ণগঞ্জ হকার সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ফুটপাত থেকে উচ্ছেদ করায় হকাররা এখন মানবেতর জীবন যাপন করছেন। সামনে রোজা ও ঈদ। মানবিক কারণে হকারদের ফুটপাতে বসতে দেওয়া উচিত। অন্তত অফিস ছুটির পর হকারদের বসতে দেওয়ার দাবি জানান তিনি।এই দাবির বিরোধিতা করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি রফিউর রাব্বি বলেন, শহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফুটপাত হকারমুক্ত হয়েছে। এখন প্রশাসনের উচিত এটি ধরে রাখা। তিনি অভিযোগ করেন, হকারদের জন্য পৌরসভা মার্কেট তৈরি করে দেওয়া হয়েছে। অথচ হকাররা সেসব দোকানে না গিয়ে দেড়-দুই লাখ টাকায় দোকান বিক্রি করে আবার এসে ফুটপাতে বসছেন।নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী ফুটপাত হকারমুক্ত রাখার ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, পৌরসভা হকার পুনর্বাসন করতে বাধ্য নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এবং এর আগে ১৯৭৮ সালে দুবার পৌরসভা জমি দিয়ে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। কিন্তু প্রতিবারই হকাররা দোকান বিক্রি করে আবারও ফুটপাতে চলে আসেন।জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জবাসী চায় না হকাররা ফুটপাতে বসুক। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। এ জন্য যা কিছু করা দরকার করা হবে।’