নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর কার্যক্রম উদ্বোধন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও জামায়াত জোট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই দেশে অহেতুক হরতালসহ নৈরাজ্যমূলক কর্মকাণ্ড করছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ (এইপিজেড) এলাকায় শিল্প পুলিশ-৪-এর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ সারাহ্ বেগম কবরী, নজরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মতিন মাস্টার প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্র্রাথমিক পর্যায়ে এক হাজার ৫৪৩ জন পুলিশ ও ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে শিল্প পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জে শিল্প পুলিশ-৪ মুন্সিগঞ্জ, নরসিংদী এলাকায়ও কাজ করবে। ইতিমধ্যে ফতুল্লার বিসিক শিল্পনগর ও কাঁচপুর ইউনিট গঠন করা হয়েছে। অনুষ্ঠান শেষে ঢাকার সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে পুলিশি হেফাজতে থাকাকালে ছুরিকাঘাতের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশি নিরাপত্তা দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের প্রহরায় তাঁকে কোনো ছুরিকাঘাত করা হয়নি।্রহাসান মাহমুদ খন্দকার বলেন, ‘পুলিশের পেছনে খরচকে ব্যয় হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখা প্রয়োজন। কারণ শিল্প পুলিশ গঠনের পর অবাক করার মতো রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে।’