নারায়ণগঞ্জ সদর শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। শিক্ষকদের কাছ থেকে মাসে ঘুষ বাবদ আদায় করা হচ্ছে লাখ খানেক টাকা। এ ব্যাপারে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন চারজন শিক্ষক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১০৪টি সরকারি প্রাথমিক ও ১৪টি রেজিস্টার্ড বিদ্যালয় হয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা আট শতাধিক। শিক্ষার্থী প্রায় ২৫ হাজার। এসব শিক্ষকের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধার দেখভালের দায়িত্ব পালনকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদটি গত ফেব্রুয়ারি থেকে খালি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন দেওয়ান ওই দায়িত্বে রয়েছেন।শিক্ষকেরা বলছেন, এ সুযোগে শিক্ষকদের জিম্মি করে নানাভাবে ঘুষ আদায় করছেন শিক্ষা অফিসের কর্মীরা। বাধ্য হয়ে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস এম নাসির উদ্দিন, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ফরিদা আক্তার, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস ও আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সাত্তার। তাঁরা সদর উপজেলা শিক্ষা অফিসে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে গণতদন্তের আবেদন জানিয়েছেন।এর সত্যতা নিশ্চিত করে শিক্ষকনেতা এস এম নাসির উদ্দিন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, উপজেলা শিক্ষা দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম ও অফিস সহকারী মাসুম মিয়া শিক্ষকদের নানাভাবে হয়রানি করে ঘুষ আদায় করছেন। শিক্ষকদের অভিযোগে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০০৯ নির্ধারণের জন্য প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১৫০ টাকা করে ঘুষ আদায় করা হয়েছে। শিক্ষকদের ইবি ক্রস ও টাইম স্কেলের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা, স্কুলগুলোর ছোটখাটো মেরামতকাজের বিলের চেক দেওয়ার সময় দুই হাজার টাকা, নতুন শিক্ষকদের বেতন ও সার্ভিস বই খোলার জন্য ৫০০ টাকা এবং হিন্দু-খ্রিষ্টান শিক্ষকদের বোনাসের জন্য ৫০০ টাকা করে ঘুষ নেওয়া হয়।অভিযোগে আরও বলা হয়, সদর উপজেলার পাঠানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যানসারে আক্রান্ত সহকারী শিক্ষক সালামত উল্লাহর প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণের চেক বরাদ্দ হওয়ার পরও ঘুষের জন্য ১০ দিন আটকে রাখা হয়। শিক্ষকদের মাসিক বেতন ১০ তারিখের আগে কখনোই দেওয়া হয় না। অবসরপ্রাপ্ত শিক্ষকদের এলপিআর ও পেনশন মঞ্জুরির কাগজপত্র ঘুষ ছাড়া কখনোই ঊর্ধ্বতন অফিসে পাঠানো হয় না। এমনকি ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়ার জন্য প্রতিটি সনদ বাবদ পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। শিক্ষকদের বলা হচ্ছে, তাঁরা যেন এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে রাখেন।উপজেলা শিক্ষা দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম ও অফিস সহকারী মাসুম মিয়া তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রথম আলোর কাছে অস্বীকার করেছেন।অন্যদিকে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন দেওয়ান দাবি করেন, ‘হয়রানি করে কোনো শিক্ষকের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ সঠিক নয়। আগে ছোটখাটো অনিয়মের অভিযোগ থাকলেও আমি দায়িত্ব নেওয়ার পর কঠোরভাবে অনিয়ম দমন করার চেষ্টা করছি।’