নারায়ণগঞ্জ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতাকরণ ও প্রস্তাবিত শিক্ষা আইন, কোন পথে আমাদের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা এর আয়োজন করে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব হানিফ খান মিলনায়তনে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
বজলুর রশীদ বলেন, ‘৫০ বছর পর আমরা কেমন সমাজ চাই, তা নির্ভর করে আজকের শিশুর বেড়ে ওঠার ওপর। এ প্রয়োজন থেকে শিশুশিক্ষার পাঠ্যসূচি, শিক্ষা আয়োজন ও শিশুর মনস্তত্ত্ব নিয়ে ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে শিশুর পাঠ্যক্রম তৈরি হওয়া উচিত। ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করে সরকারের সফলতার ঢাকঢোল পেটানো হয়। অথচ এসব পুস্তক সাম্প্রদায়িক ও লৈঙ্গিক বৈষম্যমূলক এবং ভুলে ভরা। রণেশ দাসগুপ্ত, হুমায়ুন আজাদ, সত্যেন সেনের মতো প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে কবিতা বিকৃত করা হয়েছে।’