নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গতকাল শুক্রবার গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
খন্দকার শাহ আলম প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আবদুস সালামকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে আফজাল হোসেন একক প্রার্থী থাকায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
একাধিক প্রার্থী না থাকায় চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি আহসান সাদিক সহসভাপতি, ৭১ টেলিভিশনের বুলবুল আহমেদ যুগ্ম সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের আনিসুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ডিবিসি টেলিভিশনের প্রধান প্রতিবেদক (অপরাধ) রাজিব ঘোষ, আমাদের সময়-এর ফিচার সম্পাদক ইসতিয়াক আহমেদ, জনকণ্ঠ-এর জেলা প্রতিনিধি খলিলুর রহমান, সময় টেলিভিশনের শওকত এ সৈকত, দৈনিক সংবাদ-এর প্রণব রায় ও দৈনিক খবরের পাতার বার্তা সম্পাদক ইমামুল হাসান কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।