প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা এবং লোকজন একমত পোষণ করেছেন। তাঁরা বলেছেন, রাজধানীর অতি কাছের হলেও নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জকে আধুনিক শহরে পরিণত করতে হলে পৃথক সিটি করপোরেশন গঠনের বিকল্প নেই।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে গতকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদমরসুল পৌরসভা প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা উল্লেখ করে গত ৭ ফেব্রুয়ারি একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। এ বিষয়ে কোনো মতামত বা আপত্তি থাকলে তা জানাতে ওই তিনটি পৌর এলাকার লোকজনকে আহ্বান জানানো হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ আপত্তি ও মতামত জানান। এর ওপর ভিত্তি করে গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি আহ্বান করা হয়।তবে গণশুনানিতে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াত আইভী উপস্থিত থাকতে পারেননি। প্রথম আলোকে তিনি জানান, গণশুনানির ব্যাপারে জেলা প্রশাসন তাঁকে কিছু জানায়নি।জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিউর রহমান মোল্লা বলেন, সিদ্ধিরগঞ্জকে বাদ দিয়ে প্রস্তাবিত সিটি করপোরেশন গঠন করা যেতে পারে। কারণ নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ে সিদ্ধিরগঞ্জ পৌরসভার আয় বেশি। তাই উন্নয়নের স্বার্থে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত না করে সিদ্ধিরগঞ্জ পৌরসভা বহাল রাখার আহ্বান জানান তিনি। প্রস্তাব শুনে ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত আসামি, সিদ্ধিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নূর হোসেন চড় উঁচিয়ে মতিউরের দিকে তেড়ে যান এবং কার্যালয়ের বাইরে বের হলে তাঁকে দিগম্বর করে দেওয়া হবে বলে হুমকি দেন। মতিউর ভয় পেয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি।এ সময় শামীম ওসমান তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। এরপর তিনি মতিউরকে নিয়ে সভাকক্ষের বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মতিউর সিদ্ধিরগঞ্জকে সিটি করপোরেশনে যুক্ত করার বিরোধিতা থেকে সরে এসে ক্ষমা চান। সভা শেষে শামীম ওসমান নূর হোসেনের সঙ্গে মতিউরকে মিলিয়ে দেন।শামীম ওসমান বলেন, রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থে নয়, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনগত বাধা না থাকলে পুরো নারায়ণগঞ্জ জেলা নিয়েই সিটি করপোরেশন গঠন করা যেতে পারে। কেউ যদি সিটি করপোরেশন গঠন নিয়ে বাধা সৃষ্টি এবং নারায়ণগঞ্জকে উন্নয়ন থেকে বঞ্চিত করে, এর দায়ভার তাকেই নিতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ঢাকার সঙ্গে গোলামি করে আমরা জোনভুক্ত হতে চাই না। স্বতন্ত্র সিটি করপোরেশন চাই। তিনি বলেন, ফতুল্লা শিল্পাঞ্চলকে ইতিমধ্যে শহর ঘোষণা করা হয়েছে। তাই সেখানে ইউনিয়ন পরিষদ থাকতে পারে না। ফতুল্লা অঞ্চলের ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও কুতুবপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। নইলে পূর্ণাঙ্গ সিটি করপোরেশন হবে না। তৈমুর আলমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস ও বিএনপির নেতা-কর্মীরা।জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, শুনানিতে লোকজনের প্রদত্ত মতামত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি জানান, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও কুতুবপুর ইউনিয়ন পরিষদকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের আগে পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল্লাহ নূরী, শহর বিএনপির সভাপতি এ টি এম কামাল, নারায়ণগঞ্জ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক, সুগার অ্যান্ড ওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।