নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন চলাকালে এজেন্টদের অনুপস্থিতি, ত্রুটিপূর্ণ ভোটার ব্যবস্থাপনাসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গতকাল সোমবার সংস্থাগুলোর পৃথক পৃথক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। নির্বাচন চলাকালে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংস্থাগুলো হলো: ফেমা, ব্রতী, ডেমক্রেসিওয়াচ, ডরপ ও আইইডি।ফেমার প্রতিবেদনে বলা হয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক থাকলেও নির্বাচনে তাঁদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। নির্বাচন চলাকালে ভয়ভীতিমুক্ত পরিবেশ ছিল। সর্বত্র উৎসবের আমেজ লক্ষ করা গেছে। তবে ইভিএম পদ্ধতি ব্যবহারে ভোটারদের অসচেতনতার কারণে বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা অসুবিধা হয়েছে। ব্রতীর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কারচুপি বা উল্লেখযোগ্য জাল ভোটের তথ্য পাওয়া যায়নি। ইভিএম পদ্ধতি ব্যবহারে বয়সী ভোটারদের কিছুটা অসুবিধা হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা ভোট দেওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দিয়েছেন। ডেমক্রেসিওয়াচের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন শান্তিপূর্ণ হলেও কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের অনুপস্থিতি, ত্রুটিপূর্ণ ভোটার ব্যবস্থাপনা, ইভিএম সম্পর্কে অজ্ঞতা এবং নির্বাচন বয়কটের মতো ঘটনা নির্বাচনী প্রক্রিয়া কিছুটা ব্যাহত করেছে। নির্বাচনে সাধারণ ভোটারদের অংশগ্রহণ ছিল কম। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের আনা-নেওয়ার কাজে প্রার্থীরা যানবাহন ব্যবহার করেছেন। পর্যবেক্ষণকৃত প্রতিটি কেন্দ্রে অদক্ষ ভোট ব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। ডরপের প্রতিবেদনে বলা হয়, ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় কিছু কেন্দ্রে অন্ধকারে ভোট দিতে হয়েছে। বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ভোটারদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। ইভিএম পদ্ধতি আরও কার্যকর করতে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) প্রতিবেদনে বলা হয়, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। বিশেষ করে নারী ও সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেশির ভাগ কেন্দ্রে শারীরিকভাবে অসমর্থ ও বয়স্ক ভোটারদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। আবার কিছু কেন্দ্রে প্রার্থীর প্রতীকসংবলিত ব্যাচ পরা পোলিং এজেন্ট দেখা গেছে।