নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইডব্লিউজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা দৃশ্যত কোনো চাপ ছাড়াই এতে ভোট দিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে এশিয়া ফাউন্ডেশন সমর্থিত দ্য ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এই মন্তব্য করেছে।ইডব্লিউজি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা ২০টি দলে ভাগ হয়ে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৬৩টি ভোটকেন্দ্রই পর্যবেক্ষণ করেছে। সব মিলিয়ে এই নির্বাচন তাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে। ভোটারদের ওপর কোনো ধরনের চাপ তাদের চোখে পড়েনি। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাহিনীও কঠোর পরিশ্রম করে কেন্দ্রগুলোতে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কিছু ভোটকেন্দ্রে নারী ও সংখ্যালঘু ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটার, প্রার্থীদের পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও নির্বাচনী পরিবেশ দেখে মনে হয়েছে, কোনো ধরনের চাপ ছাড়াই জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেশির ভাগ কেন্দ্রেই বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হয়নি। প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ভবিষ্যতে এদিকে নজর দেওয়া প্রয়োজন। ভোট দেওয়ার সময় গোপনীয়তাও নিশ্চিত করা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা ইভিএমকে ভালোভাবেই নিয়েছেন। তবে এতে ভোট দেওয়ার প্রক্রিয়া বুঝতে বয়স্ক ভোটারদের কিছুটা সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে সৃষ্টি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ ভালোভাবেই মোকাবিলা করা সম্ভব হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।