স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে। টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারের পরিচালনায় মাদক ধ্বংসকরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে সাংসদ শওকত মোমেন শাহজাহান ও খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী তালুকদার ও পৌর মেয়র সহিদুর রহমান খান বক্তব্য দেন। পরে টাঙ্গাইলে বিভিন্ন সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার করা ১১ হাজার ফেনসিডিল ও আড়াই শ বিয়ার ধ্বংস করা হয়।