নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গতকাল চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এক চিকিৎসককে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় ওই চিকিৎসককে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। চিকিৎসক নাজমুল হাসান জানান, হূদরোগে আক্রান্ত হয়ে গনি মিয়া (৫০) নামের একজন রোগীকে হাসপাতালে আনা হলে তাঁকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় রোগীকে ঢাকায় নিতে দেরি হয়। এর মধ্যে তিনি মারা যান। নাজমুল হাসান অভিযোগ করেন, এতে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে তাঁকেসহ কর্মচারী জাকির হোসেনকে মারধর করে। তাঁকে একটি কক্ষে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত গনি মিয়ার স্বজন বাবর জানান, গনি বুকের ব্যথায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, রোগীকে আনার পর চিকিৎসক রোগীকে না দেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে খোশগল্প করছিলেন। চিকিৎসকের এই সময়ক্ষেপণের ফলেই গনির মৃত্যু হয়। নাজমুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, গনি মিয়াকে চিকিৎসা দেওয়ার পরে তিনি অন্য রোগীকে চিকিৎসা দিতে ব্যস্ত ছিলেন। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ‘আমরা হাসপাতালে গিয়ে অবরুদ্ধ চিকিৎসককে উদ্ধার করি।’ জেলা সিভিল সার্জন মতিয়ার রহমান জানান, তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখা হবে।