নারায়ণগঞ্জ হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত দুই শ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের কর্মচারীরা চার দফা দাবিতে গতকাল বুধবার চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এ সময় জরুরি বিভাগ ছাড়া প্রায় সব কটি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ ছিল। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ে।হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি রাজিয়া বেগম বলেন, গত মঙ্গলবার হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত গাড়ির চাপায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী মোজাম্মেলের (৩৫) একটি পা ভেঙে যায়। কিন্তু মোজাম্মেলের চিকিৎসায় কোনো সহযোগিতা করেননি ওই চিকিৎসক।রাজিয়া বেগম আরও বলেন, মোজাম্মেলের চিকিৎসার খরচ আদায়সহ চার দফা দাবিতে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের সর্বস্তরের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। দুপুরে হাসপাতালের সুপারিনটেনডেন্ট, বিএমএ জেলা সভাপতি শাহনেওয়াজসহ চিকিৎসক নেতারা সমস্যা সমাধানে আলোচনায় বসেন। পরে তাঁদের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। বৈঠকে মোজাম্মেলের চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়।