নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানুপর এলাকায় গতকাল রোববার রাত নয়টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ, মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ২০-২৫টি বাড়িঘর। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকার রহমত মিয়ার মালিকানাধীন রিকশার গ্যারেজের চালক জাহাঙ্গীরের কাছে মিলন মিয়ার ভাতিজা সেলিম ২০০ টাকা ধার চান। জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন সেলিম। দুপুরে উভয় পক্ষের উপস্থিতিতে সালিসি বৈঠকে এ ঘটনার নিষ্পত্তি হয়। বিচারের পর রাত সাড়ে সাতটার দিকে সেলিম ও তাঁর পাঁচ-ছয়জন সহযোগী রহমতের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রহমতের ছেলে সজলকে মারধর করে। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রহমতের পক্ষ নিয়ে রাত পৌনে নয়টার দিকে মিলনের বাড়িতে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের শত শত নারী-পুরুষ লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাত ১০টা পর্যন্ত একটানা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় ব্রাঞ্চ রোড, সরদারপাড়া ও মিলনবাড়ির আশপাশ এলাকার অন্তত ২০-২৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।আহত ব্যক্তিরা হলেন রুনি, জসিম, নিজা, শুভ, সামসুল হক, ময়না, ফরিদ মিয়া, রহমত ও তাঁর ছেলে সজল, আফসু, লিটন, হেদায়েতউল্লাহ, আরাফাত, শফিউদ্দিনমসহ নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আসাদ ও কনস্টেবল সাইদুর রহমান সাইদ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।