নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বজ্রপাতের কারণে গ্যাসের রাইজার (চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র) থেকে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লক্ষণখোলা এলাকায় ঝড়ের সময় বজ্রপাতে ব্যবসায়ী রবিউল আলমের বাড়ির তিতাস গ্যাসের রাইজারে আগুনের ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন রবিউলের ঘরসহ আশপাশের ছয়টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আলম মিয়া নামের এক ব্যক্তি বলেন, আগুনে তাঁর ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ঘরে থাকা নগদ আট লাখ ৬৬ হাজার টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাঁদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে।