নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট এলাকায় ইটভাটার শ্রমিকদের জন্য নির্মিত দুটি বস্তিতে গত সোমবার রাতে আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে খাদিজা (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে খোদেজার দুই সন্তান নাজনীন (৫), সজীব (৩), শ্রমিক সেকান্দর (৬০) ও আবদুল হাইকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার বক্তাবলী নবীন ব্রিক ফিল্ড ও জেবিসি ব্রিক ফিল্ডের পাশে নির্মিত বস্তিতে শ্রমিকদের বসবাস। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নবীন ব্রিক ফিল্ডের শ্রমিক নাসিরের ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে নবীন ব্রিক ফিল্ড শ্রমিকদের ১০টি ও জেবিসি ব্রিক ফিল্ডের শ্রমিকদের ছয়টি বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।বক্তাবলী খেয়াঘাটসংলগ্ন নবীন ব্রিক ফিল্ডের কন্ট্রাকটর আবদুল বারেক জানান, রাতে ঘুমিয়ে পড়ার পর পায়ে লেগে কেরোসিনের বাতি পড়ে বেড়ার ঘরে আগুন ধরে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তাঁদের জানানো হয়নি।