নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোডে গতকাল শনিবার ভোররাতে আগুনে পুড়ে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ মানিক (৩৮), সিদ্দিক (৩৫), পাশা (৩৪), জাহাঙ্গীর (৩২), কামাল (৩২) ও আলমগীরকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা গলাচিপা ডিএন রোডে আবদুর রহমানের দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকেন। তাঁরা ফেরি করে সিরামিক সামগ্রী বিক্রি করেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ধারণা করা হচ্ছে ঘরের ঠিক পাশের গ্যাসের সংযোগে ছিদ্র ছিল। সিগারেটের অংশ জানালা দিয়ে ছোড়ার পর তাতে আগুন ধরে যায়। এতে ঘরে আগুন ধরে ছয়জন দগ্ধ হয়। ওসি আরও জানান, ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে। এদিকে শুক্রবার রাতে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে মায়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একটি জীবনবিমা কোম্পানির মাঠকর্মী। তাঁর স্বামী মনির হোসেন সৌদিপ্রবাসী। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।