নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে তিন ব্যক্তি
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় সোমবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন তিন ব্যক্তি। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আহমঞ্চদ আলী জানান, সোমবার রাতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ তিন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। এর মধ্যে একজন বাদল ঘোষ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার দুধ ব্যবসায়ী। তিনি আনন্দ পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে অন্য যাত্রীরা ফতুল্লা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে গ্যারেজের মিস্ত্রি মোহামঞ্চদ ফারুক ঢাকার দনিয়া থেকে বাসে করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ ছাড়া শহরের পুলিশ লাইন এলাকার একটি ছাপাখানার শ্রমিক কাজল সরকার ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে অজ্ঞান পার্টির শিকার হন। অজ্ঞান পার্টির সদস্যরা তিনজনেরই সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোনসেট নিয়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।