নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ঢেউটিন কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ময়মনসিংহের দুই ব্যবসায়ী। গতকাল শুক্রবার সকালে ওই দুই ব্যবসায়ী ঢাকা থেকে বন্ধন পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জে আসার পথে এ ঘটনা ঘটে। এ দুই ব্যবসায়ী হলেন হাবিবুল্লাহ (৪০) ও আজিজুল (৪০)।অজ্ঞান অবস্থায় দুই ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে দুই ব্যবসায়ীর ভাই মিরপুর থানার পুলিশ সদস্য শহীদুল্লাহ শহরের খানপুুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ছুটে আসেন। তিনি সাংবাদিকদের জানান, তাঁর ভাই হাবিব ও আজিজুল ঢেউটিন ব্যবসায়ী। তাঁদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাকাতৈর গ্রামে।