নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের চারজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত শনিবার ও গতকাল রোববার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে একটি অটোরিকশা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. শহীদ, হাসান, শহীদুল্লাহ ও মোক্তার হোসেন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার বলেন, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালক সাগর মিয়াকে কুপিয়ে আহত করে তাঁর অটোরিকশা পালিয়ে যায় ছিনতাইকারীরা। একপর্যায়ে অটোরিকশা নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুধু শহীদকে আটক এবং আহত চালক সাগরকে উদ্ধার করতে পারে। আবদুল হক বলেন, শহীদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল জেলার বিভিন্ন স্থান থেকে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক বাদী হয়ে দ্রুত বিচার আইনে ওই চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।