নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় তিনজনকে গণপিটুনি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালিগাঁও এলাকায় গত সোমবার রাতে চালকের হাত-পা বেঁধে একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করে পিটিয়েছে এলাকাবাসী।জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি মদনপুর ইউনিয়নের বালিগাঁও এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারী সোহেল (১০), জুয়েল (২৪) ও সজীব (২০) চালক বকুলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। এরপর ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালকের চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে অটোরিকশাটি ধরে তিন ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তিনজনেরই বাড়ি বন্দর উপজেলার সোনারচর এলাকায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, আটক তিনজন পেশাদার ছিনতাইকারী। এ ব্যাপারে মামলা হয়েছে।