নারায়ণগঞ্জে অধিকতর তদন্তের আবেদনে আদেশ সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের ওপর আদেশের জন্য আগামী সোমবার (১৪ ডিসেম্বর) দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার আদেশের এই দিন পুনর্নির্ধারণ করেন।

বিউটির করা ওই আবেদনের ওপর আদেশের জন্য আজ ৯ ডিসেম্বর দিন ধার্য ছিল। এদিন আদালত আবেদনকারীর আইনজীবীকে নিম্ন আদালতে নারাজি আবেদন খারিজের আদেশের অনুলিপি জমা দিতে বলেন। একই সঙ্গে আবেদনের ওপর আদেশের জন্য দিন পুনর্নির্ধারণ করেন।

একই বেঞ্চে গত ৬ ডিসেম্বর ওই আবেদনের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য ৯ ডিসেম্বর তারিখ ধার্য করেছিলেন আদালত।

সাত খুনের এই মামলায় র‍্যাবের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত করা কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চলতি বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এতে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।

৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন।

পরে সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করলে ৯ নভেম্বর ওই আবেদনও খারিজ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দন সরকারের জামাতা পৃথক দুটি মামলা করেন।