নারায়ণগঞ্জে অধিগ্রহণ করা জমি ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ও চরগন্ধর্বপুর মৌজায় অধিগ্রহণ করা জমি ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। পরে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে কৃষকেরা জানান, ১৯৬৩ সালে ঢাকার পানির চাহিদা পূরণের জন্য রূপগঞ্জের চনপাড়া বস্তির জমিতে ঢাকা ওয়াসা পানি শোধনাগার স্থাপন করার জন্য ১২৬ একর জমি অধিগ্রহণ করে। সে সময় বস্তির ছিন্নমূল বাসিন্দাদের পুনর্বাসন করতে গন্ধর্বপুর ও চরগন্ধর্বপুর মৌজায় আরও ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু চনপাড়া বস্তির বাসিন্দাদের আন্দোলনের মুখে ১৯৯৬ সালে সরকার তাঁদের উচ্ছেদ করতে ব্যর্থ হয়। ফলে শোধনাগার স্থাপনের পরিকল্পনা বাতিল করে সরকার। কৃষকেরা আরও জানান, ১৯৯২ সালের ১২ মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, অধিগ্রহণ করা জমি ১০ বছরের মধ্যে ব্যবহার করতে না পারলে তা বিক্রেতার অনুকূলে ফেরত দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও গন্ধর্বপুর ও চরগন্ধর্বপুরে অধিগ্রহণ করা জমি কৃষকদের ফেরত দেওয়া হয়নি। কৃষকদের অভিযোগ, জমির দাম বেড়ে যাওয়ায় ঢাকা ওয়াসা ব্যক্তি পর্যায়ে ওই জমি ইজারা দেওয়ার পাঁয়তারা করছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কৃষক নাসির উদ্দিন, হাফিজুর রহমান, শাহীন প্রধান, কবির প্রধান, তনু প্রধান, আ. সাত্তার, গোলাম ফারুক প্রমুখ।