নারায়ণগঞ্জে খুন, ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। গতকাল সোমবার কমিটির মাসিক সভায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন।জেলা প্রশাসক এম সামছুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে গতকাল দুপুরে মাসিক সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহবুবুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, বিকেএমইএর পরিচালক মঞ্জুরুল হক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল, তারাব পৌরসভার মেয়র শফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা আবদুল হাই, শহীদুল্লাহ প্রমুখ। সভায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জে ঘন ঘন ডাকাতির খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। তবে এর কিছু কিছু ঘটনা সাজানো। এ ছাড়া যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটে, সেখানকার কিছু লোক এর সঙ্গে জড়িত থাকে।’নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক বলেন, ‘শহরে ছিনতাই বেড়েছে। শহরের ব্যস্ততম এলাকা চাষাঢ়ায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শীতলক্ষ্যা নদীতে আবারও দখলের উৎসব শুরু হয়েছে। শহরের ফুটপাত দখল হয়ে যাচ্ছে।’ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য চলছে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে শিল্পী শ্যামল চৌধুরীর ওপর হামলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক।তারাব পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘তারাব বাসস্ট্যান্ডে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। মেয়র হয়েও আমি নিরাপত্তাহীনতায় আছি। সন্ত্রাসীরা প্রায়ই আমাকে হুমকি-ধমকি দিচ্ছে।’অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ফতুল্লায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন খোকন ও কাশিপুরে ব্যবসায়ী নাসির মোল্লা হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের অধিকাংশই ধরা পড়েছে।জেলা প্রশাসক এম সামছুর রহমান বলেন, ‘চাষাঢ়ায় শহীদ জিয়া হল মিলনায়তনে স্থাপিত জিয়ার ম্যুরালে কালি লেপনের ঘটনাটি কাপুরুষোচিত কাজ। কেউ কেউ জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বালুমহালগুলোতে ইজারা ব্যতীত বালু উত্তোলন এবং যারা ওএমএসের চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’