নারায়ণগঞ্জে অপহূত শিশু ঢাকা থেকে উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা থেকে অপহূত এক শিশুকে তিন দিন পর উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। গতকাল সোমবার বিকেলে র‌্যাব-১১ ও পুলিশের একটি দল অপহূত দুই বছরের শিশু চাঁদনীকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে উদ্ধার করে। অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাড়াটিয়া দেলোয়ার হোসেনকে (৩০) আটক করেছে র‌্যাব। শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. আবু সাঈদ খান সাংবাদিকদের বলেন, গত ২৭ এপ্রিল উপজেলার দেওয়ানবাগ এলাকার চাঁন বাদশার বাড়ি থেকে তাঁর দুই বছরের শিশু চাঁদনীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে ওই শিশুর পরিবারের কাছে তারা দুই লাখ টাকা দাবি করে।অপহূত শিশুর বাবা চাঁন বাদশা মেয়েকে ফেরত পাওয়ার আশায় বিকাশের (মোবাইলে টাকা পাঠানোর মাধ্যম) মাধ্যমে এক লাখ টাকা প্রদান করেন অপহরণকারীদের। কিন্তু আরও এক লাখ টাকার দাবিতে শিশু চাঁদনীকে ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করতে থাকে অপহরণকারীরা। একপর্যায়ে মুক্তিপণের বাকি এক লাখ টাকা দেওয়া হবে জানালে অপহরণকারীরা তাঁদের টাকা নিয়ে এসে ঢাকা মিটফোর্ড হাসপাতালের চতুর্থ তলায় এসে শিশু চাঁদনীকে নিয়ে যেতে বলে।অপহরণকারীদের কথা অনুযায়ী, গতকাল সোমবার বিকেলে র‌্যাব ও পুলিশ অপহূত শিশুর বাবা চাঁন বাদশাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এবং শিশু চাঁদনীকে উদ্ধার করে। এ সময় র‌্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীদের সহায়তা করার অভিযোগে চাঁন বাদশার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার হোসেনকে আটক করা হয়। আটক দেলোয়ার কুমিল্লার দেবীদ্বার থানার পীর ফাতেহাবাদ এলাকার সুলতান আহমেদের ছেলে। র‌্যাব আরও জানায়, মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে ওই অপহরণকারী চক্রের সঙ্গে দেলোয়ারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অপহরণকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।