নারায়ণগঞ্জে অবিশ্বাস্য ইজারায় সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি অস্থায়ী কোরবানির পশুর হাট দুটি প্রতিষ্ঠান ইজারা দিয়েছে। হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ‘বন্দর খেয়াঘাটসংলগ্ন অস্থায়ী পশুর হাট’ ইজারা দিয়েছে ৫৮ লাখ ৩৩ হাজার টাকায়। আর স্থানীয় সাংসদ নাসিম ওসমানের সুপারিশে একই হাট অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মাত্র ৮৭ হাজার ৮৪৩ টাকায় শেখ রাসেল স্মৃতি সংসদকে ইজারা দিয়েছে। দুজন ইজারাদার হলেও বিআইডব্লিউটির ইজারাদারই হাটটি দখল করে আছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে দফায় দফায় চিঠি দিয়ে বিআউডব্লিউটিএর দেওয়া অনুমতি বাতিল করার পাশাপাশি হাট অপসারণের অনুরোধ জানিয়েছে। অবশেষে গত সোমবার নৌ-মন্ত্রণালয় অবৈধ হাটটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত দখলদারেরা হাট ছাড়েনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিটি করপোরেশন।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর বিআইডব্লিউটিএর অনুমতি বাতিল করা হয়েছে। যেকোনো উপায়ে এই অবৈধ কোরবানির হাট অপসারণ করতে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন তাদের ভৌগোলিক সীমায় অবস্থিত হাট-বাজার ইজারা দেয়। এসব হাট-বাজার ইজারা দেওয়ার জন্য অবশ্যই জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানান, নীতিমালা অনুসরণ করে করপোরেশন এই হাট ইজারা দিয়েছে। করপোরেশন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান ব্যক্তিবিশেষকে এ ধরনের অনুমতি দিতে পারে না। কিন্তু নীতিমালার এসব বিধান উপেক্ষা করে মাত্র ৮৭ হাজার ৮৪৩ টাকায় বিআইডব্লিউটিএর উপপরিচালক পশুর হাট বসানোর জন্য কাজী জহিরুল ইসলামকে অনুমতি দিয়েছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়। নথিপত্রে দেখা যায়, স্থানীয় সাংসদ নাসিম ওসমান এই হাট বসানোর অনুমতি দিতে সুপারিশ করে বিআইডব্লিউটিএতে আধাসরকারি চিঠি (ডিও ) পাঠান। নাসিম ওসমানের ঘনিষ্ঠজন কাজী জহিরুল ইসলাম শেখ রাসেল স্মৃতি সংসদ বন্দরের সভাপতি। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অনুমতি দিতাম না, কিন্তু সাংসদ ও আওয়ামী লীগের নেতার ডিওলেটার ও সুপারিশের কারণে অনুমতি দিতে হয়েছে।’ তবে তিনি এও বলেন, ‘এই তীরভূমি আমাদের। সিটি করপোরেশন গরুর হাট ইজারা দিলেও আমাদের পূর্বানুমতি নেয়নি, তারা কোনো অনুলিপিও দেয়নি।’জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ব্যক্তিবিশেষকে লাভবান করার জন্যই বিআইডব্লিউটিএ এই অবৈধ অনুমতি দিয়েছে। সিটি করপোরেশনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং এলাকাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করার জন্য পরিকল্পিতভাবে এটি করা হয়েছে। তিনি বলেন, গত বছর এই হাট থেকে সিটি করপোরেশন ৪৮ লাখ টাকা রাজস্ব পেয়েছিল। এবার সেই হাট মাত্র ৮৭ হাজার টাকার বিনিময়ে বসানো হয়েছে। এতে ব্যক্তিবিশেষ লাভবান হলেও রাজস্ব হারাবে সিটি করপোরেশন, জাতীয় রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন।