নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে সদরের আলীরটেক, ডিক্রিরচর, গোগনগর, কুড়েরটেক গ্রামের শত শত নারী-পুরুষ লাঠিসোঁটা, দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা ধলেশ্বরীতে বালু উত্তোলনরত ড্রেজার শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকেরা ড্রেজার ফেলে পালিয়ে যান। এলাকাবাসী জানান, গত কয়েক মাস ধরে প্রভাবশালীদের মদদে স্থানীয় কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে করে নদীর তীরবর্তী গ্রামগুলো ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে শত শত একর কৃষি জমি। বালু উত্তোলন রোধে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।