নারায়ণগঞ্জে অস্ত্রসহ চার ব্যক্তি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে গতকাল রোববার চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গুলিভর্তি একটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে সানারপাড় এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার শনির আখড়ার জয়নাল (৩২), মুন্সিগঞ্জের শ্রীনগরের শহীদ (৩৫), চাঁদপুরের ফরিদ (৩০) ও ঢাকার পল্লবীর নূর মোহাম্মদ (৩৫)। ফরিদের দেহ তল্লাশি করে চারটি গুলিভর্তি ওই পিস্তল পাওয়া যায়। এ সময় তাঁদের ব্যবহূত মোটরসাইকেল আটক করা হয়।ওসি আরও জানান, ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে ব্যবসায়ী শাহজাহান সিরাজকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় এই চক্র। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জয়নালের নিয়ন্ত্রণাধীন এই চক্র ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় ছিনতাই করে। এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।