নারায়ণগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ১৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দুই দফা সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভুলতা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থিতা নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক বসে। সভা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির মোল্লার পক্ষ নিয়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদ আলম দলবলসহ আওয়ামী লীগের কার্যালয়ে যান। তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনকে নির্বাচন না করার জন্য হুমকি দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডার শুরু হয়। একপর্যায়ে জাহেদ আলমের নেতৃত্বে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। দুই দফা সংঘর্ষে ওসমান গনি, আবু সিদ্দিক, সোহেল রানা, মো. হিমেল ও কনক মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।আওয়ামী লীগের নেতা আমির হোসেন অভিযোগ করেন, হুমাযুন কবির মোল্লার পক্ষ নিয়ে ছাত্রলীগের নেতা জাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। রূপগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।